কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার বিকেলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান রেনু মিয়া। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, রেনু মিয়ার পালিয়ে যাওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোম্পানীগঞ্জে শাহিন হত্যা মামলায় দুজনের সাজা, খালাস ৪
মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ঘোষনা