পাকুন্দিয়ায় বীজ সংরক্ষণাগার নির্মাণের উদ্বোধন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক বীজ সংরক্ষণাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। একই স্থাপনায় ১০০ বর্গমিটার আয়তনের একটি অফিসও নির্মাণ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ’ প্রকল্পের মাধ্যমে সংরক্ষণাগারটি নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএডিসির কেন্দ্রীয় প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক ইকবাল মোহাম্মদ মোমতাসির, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহসান উদ্দিন আহাম্মেদ, জেলা উপপরিচালক (বীজ) মো. জয়নাল আবেদিন, উপপরিচালক আক্তারুজ্জামান এবং পাকুন্দিয়া কোল্ড স্টোরের উপপরিচালক মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও মো. কামাল উদ্দিন (ভিপি), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এরফান উদ্দিন মাস্টার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.সি.এইচ
আরও পড়ুন