এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মাঠেই নামতে হলো না বাংলাদেশকে। টানা বৃষ্টিতে চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কোনো বল খেলা ছাড়াই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে ফল পেতে না পারলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। সেই সুবাদে বাংলাদেশ পৌঁছে যায় শেষ চারে।
বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনগুলোতেও স্বাভাবিক অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ নারী দল। স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ার নিশিন এলাকার কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি।
২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। তবে বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। পরে দুই দলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় এনে বাংলাদেশকে সেমিফাইনালের দল হিসেবে নিশ্চিত করা হয়।
বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। চীন রয়েছে ৩৭তম স্থানে। দুই দলের র্যাঙ্কিংয়ের ব্যবধানই শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে যায়। ফলে মাঠে একটি বলও না গড়িয়েই সেমিফাইনালে চলে যায় লাল-সবুজের দল।
শেষ চারে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে জাপান। ওই ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে তারাই।
কয়েক দিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হতাশা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চে নতুন করে লড়াইয়ের লক্ষ্য থাকবে জ্যোতির দলের।
পর্দার আড়ালে এক টেবিলে ইসরায়েল ও আরব দেশগুলো: মধ্যপ্রাচ্যে কার স্বার্থ রক্ষা হচ্ছে?
বাবাকে হারালেন সংগীতশিল্পী সালমা