জবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে সংগঠনটির দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির অনুসারী এবং অপরজন যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের অনুসারী বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাশের মাঠে আয়োজিত কনসার্ট চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জবি ছাত্রদল। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলার সময় সুমন সরদারের নেতৃত্বাধীন পক্ষের নেতাকর্মীদের সঙ্গে মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে রুমির অনুসারী ১২ ব্যাচের শাওন ও আলিফ আহত হন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যদিকে সুমন সরদারের পক্ষের আরও একজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে ছিলেন। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের বাইরে একাংশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, কিছুক্ষণ আগে একজন ফোন করে মারামারির কথা জানিয়েছেন। বিষয়টি কীভাবে ঘটেছে, তা খোঁজ নেওয়া হচ্ছে।

সংঘর্ষের কারণ এবং আহতদের বিষয়ে জবি ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের শেষ পর্বে বুধবার রাতে কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এমইউ
আরও পড়ুন