আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: সাকি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

আঞ্চলিক বৈষম্য কমিয়ে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, উন্নয়নের সুফল যেন দেশের কোনো অঞ্চল বা জনগোষ্ঠীর বাইরে না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাসিয়ানি-কৃষ্টপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় পানির উৎস স্থাপন কাজ পরিদর্শন শেষে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলছে। এর অংশ হিসেবে আঞ্চলিক বৈষম্য কমিয়ে প্রতিটি এলাকায় উন্নয়নের সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও দীর্ঘদিনের বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করাই সরকারের অন্যতম অঙ্গীকার। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় প্রভাব ও স্বজনপ্রীতি কমানোর প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

নিরাপদ পানি সরবরাহের বিষয়ে তিনি বলেন, সুপেয় পানি মানুষের মৌলিক প্রয়োজন। সাটুরিয়াসহ দেশের যেসব এলাকায় এখনো নিরাপদ পানির সংকট রয়েছে, সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে স্থাপিত গভীর নলকূপ থেকে কতজন সুবিধা পাচ্ছেন এবং কতজন এখনো বঞ্চিত—তার সঠিক তথ্য সংগ্রহ করে সবাইকে প্রকল্পের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের অনিয়ম ও প্রচলিত অপচর্চা সংস্কারে ধাপে ধাপে কাজ করা হচ্ছে। রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়; তবে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।

পরিদর্শন ও মতবিনিময় সভায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এম.সি. এইচ
আরও পড়ুন