আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দল, নতুন তিন প্রবাসী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন করে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ ও শুকি ইতফুসা।

নতুন তিন মুখের মধ্যে আক্রমণভাগে খেলেন ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের সেন্টার ফরোয়ার্ড পজিশনে বিকল্প বাড়াতেই তাকে দলে নেওয়া হয়েছে। কোচ টমাস ডুলির চলমান ক্যাম্পে এখনো যোগ দেননি ফারহান। সরাসরি ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রক্ষণভাগে নতুন সংযোজন জিদান আলেকজান্ডার ইউসুফ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে পারফরম্যান্স দিয়ে নজর কাড়ার পর এবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। ফলে সিনিয়র দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই তরুণ ডিফেন্ডার।

অন্যদিকে জাপানপ্রবাসী শুকি ইতফুসা আক্রমণভাগে দলের বিকল্প বাড়িয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে অংশ নেওয়ার পর কোচের আস্থায় চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তিনি।

নতুন তিন প্রবাসীর পাশাপাশি জাতীয় দলের পরিচিত মুখদের মধ্যে রয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। তবে ২৩ সদস্যের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাইফ, ফাহিম ও জিকোর।

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে কোচ টমাস ডুলি টুর্নামেন্টে বাংলাদেশের একাদশ কীভাবে সাজান, এখন সেদিকেই নজর থাকবে সমর্থকদের।

বাংলাদেশের ২৩ সদস্যের দল

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত