সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়া দেখা যাওয়ার পর বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। তবে ঘটনাস্থলে আগুন বা ধোঁয়ার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের আশপাশে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বড় কুণ্ডলি দেখা যায়। এর আগে রাতেই সৌদি কর্তৃপক্ষ রিয়াদ ও আল-খারজ এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছিল। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ওই সতর্কতার সময়সীমা শেষ হয়েছে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যেও রিয়াদ বিমানবন্দরে শনিবার বেশ কিছু ফ্লাইট বিলম্বের চিত্র দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে রিয়াদ থেকে পরিচালিত একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়েছে।
রিয়াদে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই। গত কয়েক দিনে দুই পক্ষের মধ্যে সীমান্তপারের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বরও সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে হামলার খবর পাওয়া যায়।
শুক্রবার হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে হামলার অভিযোগ তুলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন। এর পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়।
এর আগে জুলাইয়ে কয়েক বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির পর হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত আবারও তীব্র হয়। এরপর থেকে সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা এবং ইয়েমেনে সৌদি বিমান হামলার ঘটনা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।
তবে রিয়াদ বিমানবন্দরের কাছে শনিবার দেখা যাওয়া আগুন ও ধোঁয়ার সঙ্গে কোনো পক্ষের হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। সৌদি কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
ফারসি কবিতা-সাহিত্য দিবসে শাহরিয়ারের অবদান স্মরণ পেজেশকিয়ানের
দক্ষিণ আফ্রিকায় একই কায়দায় ফেলে রাখা ৯ নারীর মরদেহ উদ্ধার