স্ত্রীসহ গাজী নজরুলের রিমাণ্ড মঞ্জুর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আদালতে রিমাণ্ডের আবেদন করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য দুজনের ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

আদালতে দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, গত জুন মাসে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। নজরুল শেরেবাংলানগর থানার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের (ভবন নম্বর-৫, ফ্ল্যাট- ২০৩) বাসায় থাকতেন। একই ফ্ল্যাটে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও বসবাস করতেন। 

সেখানে আরো উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই নজরুল ও মাকছুদা বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী মরিয়ম মুঠোফোনে একাধিকবার তার পরিবারকে এই নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। এরপর ২০ সেপ্টেম্বর তার মরহেদ উদ্ধার হয়।

 

জেএম
আরও পড়ুন