শত্রুতার বলি হলো কলাগাছ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

গাছে গাছে থোড়, ঝুলছিল কাঁচা কলা। কয়েক মাসের মধ্যে ফলন বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি সংসারে স্বস্তি ফেরানোর স্বপ্ন দেখছিলেন কৃষক নূর মোহাম্মদ। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার দেড় বিঘা জমির কলাবাগানে ঢুকে প্রায় সাতশটি গাছ কেটে দিয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতন শহর গ্রামের মাঠে। নূর মোহাম্মদ ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।

কৃষক নূর মোহাম্মদ জানান, এনজিওসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে কলাবাগানটি গড়ে তোলেন। দীর্ঘদিনের পরিচর্যায় বাগানের অধিকাংশ গাছেই থোড় আসে এবং কিছু গাছে কাঁচা কলা ধরে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে একে একে প্রায় সব গাছ কেটে ফেলে যায়।

বুধবার বিকেলে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নূর মোহাম্মদ।

তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও ঋণের টাকা দিয়ে বাগানটি করেছিলেন। গত বছর এই বাগান থেকে প্রায় ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার ফলন ভালো হওয়ায় আরও বেশি লাভের আশা করেছিলেন। কিন্তু ফলন ঘরে তোলার আগেই দুর্বৃত্তরা সব গাছ কেটে দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা জানান, একজন কৃষকের দীর্ঘদিনের শ্রমে গড়ে ওঠা বাগান এভাবে নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কৃষকের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসিএইচ
আরও পড়ুন