জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালে নিউইয়র্কের বাসিন্দা ডেভিড ফেল্ডম্যান নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহু কোনোভাবেই বিশ্বজুড়ে ইহুদিদের বা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন না।’
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেল্ডম্যান ক্ষোভ প্রকাশ করে জানান, নিজের রাজনৈতিক ও সামরিক অপকর্মের বৈধতা দিতে নেতানিয়াহু ধর্মকে অপব্যবহার করছেন। এটি পুরো ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং পবিত্র তোরাহ ও ইহুদি ধর্মের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। ফেল্ডম্যানের মতে, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল চলমান সংঘাতে নিজেদের স্বার্থ হাসিলে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সরব হওয়া এবং বিশ্ববাসীর কাছে আসল সত্যটা তুলে ধরা।
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনস্থলের বাইরে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পাল্টাপাল্টি স্লোগানও দেওয়া হয়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে বিশ্বনেতারা যখন নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছেন, তখনই অধিবেশনস্থলের ঠিক বাইরে নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে এই ইহুদি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নেতানিয়াহুর ভাষণকে ঘিরে জাতিসংঘের ভেতরের ওয়াকআউট ও বাইরের বিক্ষোভ গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের তীব্র মতবিরোধকে আবারও সামনে এনেছে।
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি, জাতিসংঘে আসলে কী হয়েছিলো?
ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি নিয়ে কার্নির মন্তব্যের প্রতিবাদ বাঘাইয়ের