যুক্তরাষ্ট্রের একতরফাবাদের বিরোধিতায় রাশিয়ার প্রশংসা ইরানের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের একতরফাবাদ এবং স্বাধীন দেশগুলোর ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবহারের বিরোধিতা করায় রাশিয়ার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, পরিবহন ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুই দেশের সমন্বয় নিয়েও মতবিনিময় করেন তারা।

আরাঘচি যুক্তরাষ্ট্রের একতরফা কর্মকাণ্ড এবং স্বাধীন দেশগুলোর ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সংস্থাগুলোর অপব্যবহারের বিরোধিতায় রাশিয়ার দায়িত্বশীল অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান।

বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি লঙ্ঘন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেন।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা ও সমঝোতার সর্বশেষ পরিস্থিতিও ল্যাভরভকে জানান আরাঘচি। কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরার জন্য প্রয়োজনীয় শর্ত ও বিষয়গুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো নিয়ে চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

আরাঘচির দাবি, হরমুজ প্রণালিতে বর্তমান অনিরাপত্তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের বিরুদ্ধে দেশটির কর্মকাণ্ডের সরাসরি ফল। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে আলোচনার সময় ইরান যে সদিচ্ছা দেখিয়েছে, সেটিও উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিতে ইরান আন্তরিক থাকলেও নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ব্যবহারের সুযোগ ঠেকানোর কথাও জানান তিনি।

অন্যদিকে ল্যাভরভ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দায় রাশিয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আন্তর্জাতিক সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি। সব দেশের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি মেনে চলার গুরুত্বও তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন