দেশের বাজারে কমলো সোনা-রুপার দাম, ভরি কত?

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দর সংশোধনের পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে এই দাম।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছিল। ঠিক এক সপ্তাহের মাথায় সমপরিমাণ টাকা কমানো হলো।

নতুন রেট অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ১০৮ টাকা কমিয়ে দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও কমিয়েছে বাজুস। ভ্যাট যুক্ত করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩৫০ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৯১ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১৭৫ টাকা কমে ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন