চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩৭ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৩৩৫ লিটার চোলাই মদ ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানের তথ্য চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে নিয়মিত মামলায় ৮৭ জন, পূর্ববর্তী মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানায় ১২৩ জন এবং সাজা পরোয়ানার ভিত্তিতে আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১২ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অভিযানের ঘটনায় ৩১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান ও নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত