আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববাজার এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনগণের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম এক মাস তেলের দাম বাড়াননি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সরকার ন্যূনতম পরিমাণে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে।

সাময়িক এ দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমিয়ে আনা হবে।

বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের দেশে ফেরানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে।

তিনি বলেন, সরকার চায় তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হন। যেসব দেশে দণ্ডপ্রাপ্ত আসামিরা অবস্থান করছেন, সেসব দেশের সরকারের প্রতি তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, বিচারপ্রক্রিয়ায় আপিলের সুযোগ থাকলেও সাজা ভোগ বা বিচারের মুখোমুখি হওয়া থেকে কেউ রেহাই পাবেন না।

রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহারের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও কর্মসূচিকে সামনে রাখা প্রয়োজন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার কথাও বলেন তিনি।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার কাজ করছে। এর মধ্যেই একটি রাজনৈতিক গোষ্ঠী সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা ও লংমার্চের মতো কর্মসূচির ঘোষণা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা রাজপথে কর্মসূচি পালন করছে। উত্তরাঞ্চলের পর দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমাঞ্চলেও কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তবে সাত মাসের মাথায় সরকার পতনের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত