ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতেই নতুন নিষেধাজ্ঞা: বেসেন্ট

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান ও অন্যান্য প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তর এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা ক্ষুণ্ন করার সুযোগ করে দেওয়া অবকাঠামো ভেঙে দেওয়ার কাজ করছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বেসেন্ট বলেন, এদিনের পদক্ষেপ ইরান ও দেশটির আর্থিক সহায়তাকারীদের বিচ্ছিন্ন করতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নজিরবিহীন প্রচেষ্টার ধারাবাহিকতা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের অবৈধ অর্থায়নে সহায়তা করলে মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ হারাতে হবে বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের রেল ও গাড়ি শিল্পের বড় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব খাতের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সরবরাহকারীদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বেসেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা এড়িয়ে অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। তার দাবি, এর মাধ্যমে ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিপক্ষের অর্থনৈতিক কার্যক্রমও চাপে ফেলা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অবৈধ অর্থ প্রবাহ ঠেকানো হবে।

নতুন নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চলমান সর্বোচ্চ চাপ প্রয়োগের ধারাবাহিক পদক্ষেপ হিসেবেই তুলে ধরেছেন মার্কিন অর্থমন্ত্রী। এ পদক্ষেপের মাধ্যমে ইরানের অর্থনৈতিক ও আর্থিক সক্ষমতার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করা হয়েছে।  সূত্র: আলজাজিরা 

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত