ইরানের গোয়েন্দা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি: ইরানি এমপি

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ গোয়েন্দা ও কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির প্রধান মোহাম্মদরেজা রেজায়ি কুচি।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজ এবং সেখানে সংঘটিত যেকোনো কর্মকাণ্ড ইরানের সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তের আওতাধীন থাকবে।

রেজায়ি কুচির ভাষ্য, 'হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে চাওয়া যেকোনো জাহাজ এবং সেখানে ঘটে যাওয়া যেকোনো ঘটনা কেবল ইরানের সশস্ত্র বাহিনীর ইচ্ছার ওপর নির্ভর করবে।'

এর আগে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালির ওপর দেশটির ‘সার্বভৌমত্ব, নিয়ন্ত্রণ ও তদারকি’ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছিলেন রেজায়ি কুচি। প্রস্তাবিত ব্যবস্থায় প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের এমন বক্তব্য আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত