শেখর সুমানের টক শো ‘শেখর টোনাইট’-এ দেওয়া বক্তব্য নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ভিডিও বার্তা দিয়ে সাফাই গাইলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যগুলো পূর্বনির্ধারিত একটি চিত্রনাট্যের অংশ ছিল এবং এর সঙ্গে তাঁর ব্যক্তিগত মতামত বা চিন্তাভাবনার কোনো মিল নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হওয়ার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এই অভিনেতা। ভিডিওতে সঞ্জয় দত্ত বলেন, ‘হ্যালো সবাই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আমার একটি শো নিয়ে যোগাযোগ করেছেন। অনেকেই আমার মন্তব্যে অবাক হয়েছেন, আবার অনেকে তীব্র দ্বিমত পোষণ করেছেন।’
ভক্তদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি মানুষের এই অনুভূতিগুলো সম্পূর্ণ বুঝতে পারছি এবং বিষয়টি নিয়ে একটি পরিষ্কার করতে চাই। এই ধরনের টেলিভিশন শোয়ে যেমনটা হয়ে থাকে, ওই অনুষ্ঠানে আমার বলা কথাগুলো মূলত একটি নির্দিষ্ট চিত্রনাট্যের অংশ ছিল। আমরা কেবল একটি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য অনুযায়ী পারফর্ম করছিলাম। ওই সেগমেন্টে যা বলা হয়েছিল, তা ছিল সেই পারফরম্যান্স ও তার প্রেক্ষাপটেরই অংশ।’
সঞ্জয় দত্ত জোর দিয়ে বলেন, এই মন্তব্যগুলোকে যেন কেউ তাঁর ব্যক্তিগত মতামত হিসেবে না নেন। তিনি কোনো ভুল বোঝাবুঝি তৈরি করতে চান না জানিয়ে বলেন, ‘এগুলো কোনোভাবেই আমার ব্যক্তিগত মতামত, চিন্তা বা অনুভূতির প্রকাশ ছিল না। আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আস্থার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি কখনোই চাই না যে কোনো স্ক্রিপ্টযুক্ত পারফরম্যান্সের কারণে আমার আসল মতামত নিয়ে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক। আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি সঠিক প্রেক্ষাপটে পরিষ্কার হয়েছে। জয় হিন্দ, জয় ভারত।’
এক্সে ও সাফাই দিয়েছিলেন অভিনেতা
এর আগে এক্স হ্যান্ডেলে সঞ্জয় দত্ত লিখেছিলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার কথায় কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা বা অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।’ তিনি আরও জানান, মন্তব্যগুলো হালকা মেজাজে এবং একটি চিত্রনাট্যভিত্তিক কথোপকথনের অংশ হিসেবে করা হয়েছিল। মুন্না ভাই সিনেমার ‘গান্ধিগিরি’র মতো রসাত্মক ও ব্যঙ্গাত্মক মনোভাব থেকেই তা করা হয়েছিল, যা ভালোবাসা ও ঐক্যের বার্তা দিতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর কথাগুলো ভুলভাবে নেওয়া হয়েছে।
যে ঘটনার সূত্রপাত
গান্ধী জয়ন্তীর বিশেষ আয়োজনে শেখর সুমানের ‘শেখর টোনাইট’ শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষের মন বড় হলেও এখন আর আগের মতো শান্তি অনুভব করতে পারছেন না। এ সময় তিনি মুন্না ভাই স্টাইলে প্রধানমন্ত্রী হলে কী করবেন, তা নিয়ে রসাত্মক রাজনৈতিক ব্যঙ্গ করেন এবং গান্ধীর তিন বানরের পাশাপাশি সমাজে অন্যায় দেখলে প্রতিবাদের জন্য ‘চতুর্থ বানর’ বা প্রথার প্রয়োজনীয়তার কথা তোলেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। উল্লেখ্য, শেখর সুমানের এই টক শোটি গত ১৫ মে থেকে সম্প্রচার শুরু হয়েছে।
বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার