জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এসব উদ্যোগ সফল করতে সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এক স্মরণসভা ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগ’ আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হক ফকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এছাড়া জেলা প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান বক্তা ইশরাক হোসেন।
মার্কিন নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত