ভাষা ও গায়ের রঙ সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা আছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

মানুষের ভাষা, বর্ণ ও শারীরিক বৈচিত্র্যকে কোরআন নেতিবাচকভাবে উপস্থাপন করেনি। বরং এগুলোকে সৃষ্টিজগতের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূরা আর-রুমের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে-

আরবি: وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ

বাংলা অর্থ: ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’

এই আয়াতের আলোকে ভাষা ও গায়ের রঙের পার্থক্যকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উপাদান হিসেবে দেখার সুযোগ নেই। বরং সৃষ্টির বৈচিত্র্যের মধ্যেই আল্লাহর নিদর্শন রয়েছে। কোনো ভাষা বা গায়ের রং অন্যটির চেয়ে স্বভাবগতভাবে শ্রেষ্ঠ—এমন ধারণাও এ শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উপহাস, অপমান ও বিদ্বেষ থেকে বিরত থাকার নির্দেশ

জাতিগত সংঘাত অনেক সময় শুরু হয় অন্য জাতি বা সম্প্রদায়কে হেয় করা, তাদের পরিচয় নিয়ে উপহাস করা কিংবা অপমানজনক নামে ডাকার মধ্য দিয়ে। এ ধরনের আচরণ বন্ধ করার নির্দেশও রয়েছে কোরআনে।

সূরা আল-হুজুরাতের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। কারণ, যাদের উপহাস করা হচ্ছে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। একই আয়াতে একে অন্যকে অপমান করা এবং মন্দ নামে ডাকার বিষয়েও নিষেধ করা হয়েছে।

পরের ১২ নম্বর আয়াতে অতিরিক্ত সন্দেহ, অন্যের গোপন বিষয় অনুসন্ধান এবং পরনিন্দা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুটি আয়াত সামাজিক সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ, জাতিগত বিদ্বেষ শুধু প্রকাশ্য সহিংসতা দিয়ে শুরু হয় না; অনেক সময় অপমানজনক বক্তব্য, গুজব, বিদ্বেষমূলক প্রচার ও অন্য সম্প্রদায়ের প্রতি অবজ্ঞা থেকেই তার বিস্তার ঘটে। কোরআনের এসব নির্দেশনা মানুষের পারস্পরিক সম্মান ও সামাজিক সম্পর্ক রক্ষার নৈতিক ভিত্তি তৈরি করে।

বিরোধ থাকলেও ন্যায়বিচার থেকে সরে যাওয়া যাবে না

জাতিগত বা গোষ্ঠীগত সংঘাতের সময় একটি বড় সমস্যা হলো—নিজের গোষ্ঠীর অন্যায়কে সমর্থন করা এবং প্রতিপক্ষের প্রতি ঘৃণা থেকে ন্যায়বিচার বিসর্জন দেওয়া। পবিত্র কোরআন এ ক্ষেত্রেও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

সূরা আল-মায়িদার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে-

বাংলা অর্থ: ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায়সংগত সাক্ষ্য দাও। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। তোমরা ন্যায়বিচার করো; এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’

এ আয়াতের শিক্ষা হলো, কারও প্রতি বিরূপ মনোভাব থাকলেও তার অধিকার অস্বীকার করা যাবে না। কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের সঙ্গে বিরোধ থাকলেও ন্যায়বিচারের নীতি বজায় রাখতে হবে। অর্থাৎ ন্যায়বিচার শুধু নিজের গোষ্ঠী বা পছন্দের মানুষের জন্য নয়; বিরোধী পক্ষের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য।

জাতিগত সংঘাত নিরসনে এই নির্দেশনার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, বিদ্বেষের কারণে যখন একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে অন্যায়কে বৈধ মনে করা হয়, তখন সংঘাত আরও গভীর হয়। কোরআন সেই প্রবণতার বিরুদ্ধেই সতর্ক করেছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত