ইউরোপের জন্য ইরানকে বড় নিরাপত্তা হুমকি বললেন পাহলভি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে ইউরোপের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করেছেন দেশটির নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনের আমন্ত্রণে দেশটির রয়্যাল মিলিটারি একাডেমিতে বক্তব্য দিতে যাওয়ার আগে তিনি এ মন্তব্য করেন। রোববারের (১৮ অক্টোবর) ওই বক্তব্যে ইউরোপ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরানের কথিত হুমকিগুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনো ইউরোপসহ তার বাইরের অঞ্চলগুলোর জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার গুরুতর হুমকি হয়ে রয়েছে। নিজের দাবির পক্ষে তিনি ইউরোপের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড, সম্প্রতি যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে ঘটে যাওয়া ঘটনা, সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরবরাহ করা ইরানি ড্রোনের প্রসঙ্গ উল্লেখ করেন।

এ ছাড়া ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির পারমাণবিক কর্মসূচিকেও ইউরোপের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরেন পাহলভি। তাঁর বক্তব্যে এসব বিষয়কে ইসলামি প্রজাতন্ত্রের কারণে সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার প্রত্যাশাও জানিয়েছেন পাহলভি। রয়্যাল মিলিটারি একাডেমিতে তাঁর নির্ধারিত বক্তব্যেও বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান তিনি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত