স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেলপথে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে স্পেনের সংবাদমাধ্যম এল এসপানিওল জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, রেনফের পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেনটি সামনে থাকা বেসরকারি সংস্থা ইরিওর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে ইরিওর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মাঝামাঝি এলাকায়।

দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিলের পথে চলছিল। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, রেনফের ট্রেনটিতে ১৪৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলের ছবিতে রেললাইনের পাশে ঢাল বেয়ে পড়ে থাকা বগি এবং ক্ষতিগ্রস্ত ট্রেনের ধ্বংসাবশেষ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি বগি থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়।

দুর্ঘটনার কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে স্পেনের এবিসি ও এল পাইস সংবাদমাধ্যমের সূত্রগুলো জানিয়েছে, রেললাইনের সংকেতব্যবস্থায় ত্রুটি মেরামতের সময় মানবিক ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সংকেতব্যবস্থার ত্রুটি নিয়ে কাজ করা এক কর্মী সামনে থেকে আসা ট্রেনটির বিষয়ে এভিই ট্রেনকে সতর্ক করতে ব্যর্থ হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, যিশুস হেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী এভিই ট্রেনে করে কাজের প্রয়োজনে সেভিল যাচ্ছিলেন। তিনি জানান, সংঘর্ষের ধাক্কায় যাত্রীরা ছিটকে পড়েন। প্রথমে তারা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন, তাদের ট্রেনটি একদিকে কাত হয়ে আছে। ঘটনাস্থলে অনেক আহত মানুষকে দেখতে পান বলেও জানান তিনি।

এডিআইএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, পেছন থেকে ধাক্কা দিয়ে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দিনের কর্মসূচি বাতিল করেন। তিনি জানান, পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক প্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন।

বিরোধী পিপলস পার্টিও তাদের নির্বাচনী প্রচারের সব কর্মসূচি বাতিল করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। উর্দার মেয়র ম্যানুয়েল গালান বলেন, আহতদের রাখার জন্য একটি ক্রীড়া হল প্রস্তুত করতে তাঁকে জরুরি সেবাকর্মীরা অনুরোধ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্ধারকাজ চলার মধ্যে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত