চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে ৩৩ জন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক এক জ্যেষ্ঠ কূটনীতিক এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাবেক সামরিক সচিব। দ্য নিউইর্য়ক টাইমসের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
আগামী বছর চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার প্রস্তুতির মধ্যে এই পদক্ষেপকে শি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান আরো জোরদার করার অংশ হিসেবে দেখা হচ্ছে। কমিউনিস্ট পার্টি জানিয়েছে, শীর্ষ নেতাদের নিয়ে গঠিত পলিটব্যুরো আগেই এসব কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেইজিংয়ে চার দিনব্যাপী বৈঠক শেষে দলের কেন্দ্রীয় কমিটি সেই সিদ্ধান্ত অনুমোদন করে।
কেন্দ্রীয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, যারা কয়েক মাস বা তারও বেশি সময় ধরে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত কর্মকর্তাদের একজন লিউ জিয়ানচাও। তিনি চীনের একজন জ্যেষ্ঠ পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা ছিলেন। কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর হঠাৎ করেই ওই পদ থেকে সরে দাঁড়ান লিউ।
বহিষ্কৃত আরেকজন হলেন ঝং শাওজুন। তিনি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে কাজ করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনে শি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। এই কমিশনই দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নিয়ন্ত্রণ করে।
তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান অ্যাকাডেমিয়া সিনিকার গবেষক ওয়েন-সুয়ান সাই চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, ‘এই বৈঠকের মাধ্যমে শি চিনপিং এমন অনেক কর্মকর্তাকে দল থেকে সরিয়ে দিলেন, যাদের তিনি ২০১২ সালে ক্ষমতায় আসার পর নিজেই পদোন্নতি দিয়েছিলেন।’
এদিকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির এবারের বৈঠকে অধিকাংশ আসনই খালি ছিল। সাধারণত বছরে একবার অনুষ্ঠিত হওয়া নীতিনির্ধারণী এই বৈঠকে এবার কর্মকর্তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম দেখা গেছে। দলটির বিবৃতি অনুযায়ী, এবারের বৈঠকে মাত্র ২৭৯ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অথচ ২০২২ সালে কমিউনিস্ট পার্টির কংগ্রেসের মাধ্যমে বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠনের সময় সদস্যসংখ্যা ছিল ৩৭৬। অর্থাৎ, গত চার বছরে প্রায় ১০০ জন কর্মকর্তাকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি তুলে ধরে তাইওয়ানের গবেষক ওয়েন-সুয়ান সাই বলেন, ‘এটি ইতিহাসের সবচেয়ে বড় শুদ্ধি অভিযান।’ কমিউনিস্ট পার্টি আরো জানিয়েছে, তাদের পরবর্তী কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে। ওই কংগ্রেসে শি চিনপিং দলের সাধারণ সম্পাদক হিসেবে চতুর্থবারের মতো পাঁচ বছরের মেয়াদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে চীনে তার শাসনের মেয়াদ অন্তত ২০ বছরে পৌঁছাবে। কয়েক দশকের মধ্যে তিনিই হবেন দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এবং সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন।
প্রায় ১৪ বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই শি চিনপিং কমিউনিস্ট পার্টি, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোতে দুর্নীতি ও অবিশ্বস্ততা দূর করতে বিভিন্ন অভিযান চালিয়ে আসছেন। তবে সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, এখনো অনেক কর্মকর্তা অবিশ্বস্ত রয়েছেন এবং ঘুষের প্রলোভনে পড়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। কেন্দ্রীয় কমিটির এবারের বৈঠকেও কর্মকর্তাদের মধ্যে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে নিয়ন্ত্রণ ও জবাবদিহি আরো জোরদার করতে হবে।’ তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব আগেও দিয়েছে। প্রায় এক দশক আগে একই বিষয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকেও এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এবারের বৈঠকে বড় পদোন্নতি দেওয়া হয়েছে মাত্র একজনকে। তিনি হলেন জেনারেল ঝাং শেংমিন। সামরিক বাহিনীতে দুর্নীতি ও অবিশ্বস্ততার অভিযোগে তদন্ত এবং কর্মকর্তাদের অপসারণের বিষয়টি তদারকি করেছেন তিনি। তাকে দলের শীর্ষ নেতৃত্বের সংগঠন পলিটব্যুরোর সদস্য করা হয়েছে। এই সংগঠনটি ২০ জনের বেশি শীর্ষ কর্মকর্তাকে নিয়ে গঠিত।
বৈঠকে কেন্দ্রীয় কমিটির ৩৩ জন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্তও নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন সামরিক বাহিনীর সদস্য। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ঝাং ইউশিয়া, যিনি একসময় চীনের সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেল ছিলেন। তবে তদন্তের প্রয়োজনে জানুয়ারি মাসে তাকে আটক করা হয়। জেনারেল ঝাং শেংমিনের পদোন্নতি প্রসঙ্গে তাইওয়ানের গবেষক সাই বলেন, ‘এটি সামরিক বাহিনীর শৃঙ্খলা তদারকি ব্যবস্থা আরো জোরদার করার ইঙ্গিত দেয়। ভবিষ্যতে আরও উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হতে পারে।’
চীন-পাকিস্তান সীমান্তে গ্রিন চ্যানেল চালু
নেতানিয়াহুর জোট ছাড়ার ইঙ্গিত ইউটিজে পার্টির
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে স্থগিত
জাকানির লক্ষ্য কি আহমাদিনেজাদ হওয়া?
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি সেনা গ্রেপ্তার