ইরানের অবশিষ্ট পারমাণবিক স্থাপনা ১০ মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব: ট্রাম্প

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় এবং দুই দেশের মধ্যে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে তেহরানের ওপর আস্থা রাখা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) ফ্লোরিডায় হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। আলোচনা ভালোভাবেই চলছে। কিন্তু তারা খুব একটা নির্ভরযোগ্য নয়।’

ইরানের সঙ্গে অতীতের সমঝোতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করে, তারপর আবার সেখান থেকে সরে আসে। তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’

কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রের তেমন কোনো তাড়াহুড়ো নেই।

এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনা নিয়েও নতুন করে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ‘পিক অ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরানের অবশিষ্ট এক বা দুটি পারমাণবিক স্থাপনা মাত্র ১০ মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশ্নটিকে ‘বোকামিপূর্ণ’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘ধরুন, আমি হামলার নির্দেশ দিলাম। তাহলে কি আপনাদের তা জানাব? আমি তো বলতে পারি না।’

ট্রাম্পের এসব বক্তব্যে একদিকে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও অন্যদিকে নতুন করে সামরিক হামলার হুমকিও স্পষ্ট হয়েছে। ফলে কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে, নাকি দুই দেশের মধ্যে আবারও সংঘাতের আশঙ্কা বাড়বে—তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত