১০ বছরের শিশুর চিঠির জবাব দিলেন মোজতবা খামেনি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনি তেহরানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর চিঠির জবাব দিয়েছেন। শিশুটির আন্তরিক চিঠিতে সাড়া দিয়ে তিনি নিজ হাতে একটি উত্তরপত্র লেখার পাশাপাশি উপহারও পাঠিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর তেহরানের বাসিন্দা আলিরেজা বাখশি ইরাজ নামের ওই শিক্ষার্থী সর্বোচ্চ নেতার উদ্দেশে একটি চিঠি লেখে।

চিঠিতে আলিরেজা সর্বোচ্চ নেতার প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে যোদ্ধাদের সহায়তার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কিছু অর্থও পাঠায়।

চিঠির শুরুতে ‘সালাম, আগা’ সম্বোধন করে আলিরেজা জানায়, তার বয়স ১০ বছর এবং সে তেহরানে থাকে। চিঠিটি সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও সরাসরি তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছা জানায় শিশুটি।

চিঠিতে সে লেখে, সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার জন্য তারা তাঁর কাছে অনেক ঋণী। পাঠানো অর্থটি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ইসলামের যোদ্ধাদের সহায়তার জন্য দেওয়া হয়েছে বলেও উল্লেখ করে সে। চিঠির শেষে সর্বোচ্চ নেতার জন্মদিনের শুভেচ্ছা জানায় আলিরেজা।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, শিশুটির চিঠি পাওয়ার পর মোজতবা খামেনি তাকে উত্তর দেন। জবাবে তিনি আলিরেজার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং নিজের জন্মমাস সম্পর্কে একটি তথ্যও তুলে ধরেন।

উত্তরপত্রে তিনি লেখেন, ‘তোমার আন্তরিক মনোযোগের জন্য ধন্যবাদ। অবশ্য এই বিনীত সেবকের জন্ম ইসফান্দ মাসে (ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর সময়)। এর বিনিময়ে তোমাকে একটি উপহার দিলাম। যদিও তোমার উদারতার তুলনায় এটি খুবই সামান্য। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানিও।’

চিঠির নিচে ‘সৈয়দ মোজতবা খামেনি’ স্বাক্ষর রয়েছে। এর তারিখ ১৯ মেহর ১৪০৫, যা ইংরেজি ১১ অক্টোবর ২০২৬।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত