ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপকূল অতিক্রমের পর বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলেও দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমইউ
আরও পড়ুন