ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, নির্বাচনে হারের প্রধান কারণ এই যুদ্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগের রাতে একই কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করেন তিনি।
ভ্যান্সের এই মন্তব্যকে ইরান যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে এত দিন এগিয়ে থাকা ভ্যান্স এখন যুদ্ধটির রাজনৈতিক প্রভাবের মুখে পড়েছেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।
এক্স পোস্টে ভ্যান্স বলেন, কেউ যদি মনে করেন ইরান যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো গ্রহণযোগ্য মূল্য ছিল, তাহলে তাকে সেই যুক্তি প্রকাশ্যে তুলে ধরা উচিত। তার ভাষায়, রিপাবলিকানদের পরাজয়ের কারণ সবাই জানেন এবং এখন ভবিষ্যৎ নিয়ে যেকোনো সৎ আলোচনার শুরু হতে হবে সেখান থেকেই।
যুক্তরাষ্ট্রের বিদেশে সামরিক হস্তক্ষেপের দীর্ঘদিনের সমালোচক ভ্যান্স যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে শুরু থেকেই সংশয় প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্প ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুদ্ধ শুরু করে।
২০২৪ সালে ট্রাম্প-ভ্যান্সকে ভোট দেওয়া অনেক রিপাবলিকান সমর্থক ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন বলেও স্বীকার করেন ভ্যান্স। তিনি জানান, তার আস্থাভাজন এক জনমত জরিপকারীর বিশ্লেষণে দেখা গেছে, ইরান যুদ্ধ, অর্থনীতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই তিনটি বিষয় রিপাবলিকানদের কাছ থেকে ভোটারদের সরে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
এদিকে, সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার ইরান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা সরকারি অর্থায়নের ওপর নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
শুমার বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করলে তাকে নিবৃত্ত করার অন্যতম উপায় হলো সরকারি অর্থ ব্যয়ের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ।
নির্বাচনে হারের পরও ট্রাম্পকে প্রেসিডেন্ট বললো হোয়াইট হাউস
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এ কথা স্মরণ করিয়ে দিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে এ বার্তা দেওয়া হয়। ছবিতে ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে গম্ভীর মুখে বসে থাকতে দেখা যায় তাকে। ছবির ওপর লেখা ছিল, ‘সবার অবগতির জন্য: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। এতে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খেয়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা আইন প্রণয়নের উদ্যোগ নিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এবং তার মনোনয়নগুলো আটকে দিতে পারবে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। ইরান যুদ্ধের কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যা আগে থেকেই জনসমর্থনে পিছিয়ে থাকা ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়েছে।
তবে কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে গেলেও ট্রাম্প ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়েছেন। ফলে নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা কতটা কার্যকরভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সূত্র: আরব নিউজ
মার্কিন নির্বাচনেই স্পষ্ট নেতানিয়াহু ইসরায়েলের জন্য বিপজ্জনক: ইয়ার গোলান
ইরানকে অপ্রতিরোধ্য শক্তিতে গড়ার আহ্বান মোজতবা খামেনির
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জিতেছেন ২ বাংলাদেশি
যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে ইরানই বিজয়ী: মোখবার