প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা, তাদের মর্যাদা সুরক্ষা এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। কার্ডটি চালু হলে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা সহজে নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।

দেশের শ্রম পরিস্থিতির কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপি ও অতিথিদের শুভেচ্ছা জানান মন্ত্রী। এ সময় দেশের অর্থনীতিতে প্রবাসী উদ্যোক্তাদের অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবার থেকে দূরে থেকে বিদেশে কঠোর পরিশ্রম করে তারা যে রেমিট্যান্স পাঠান, তাতে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে। এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শক্তিশালী হচ্ছে জাতীয় অর্থনীতি। তবে প্রবাসীদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশে ব্যবসা পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমেও তারা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আবাসন খাতের পাশাপাশি শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো, বিভিন্ন দেশে শ্রমিকের চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের কোনো কর্মকাণ্ডের কারণে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের এ আয়োজনের প্রশংসা করে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত