১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিপি হলেন এক মুসলিম তরুণী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিপি হলেন এক মুসলিম তরুণী। ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদসহ ১৩টির মধ্যে ৬টিতে জয় পেয়ে ইতিহাস গড়েছেন নারী প্রার্থীরা। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাইম। নির্বাচনের বিস্তারিত ফল অনুযায়ী, তিনি ৭ হাজার ৯১টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮টি ভোট।

এবার কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টিতে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা। এর মধ্য দিয়ে ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টিরও বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের মুখে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি একে প্রতিষ্ঠানের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ বলে অভিহিত করেন। পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত