কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক রংপুরের মাহিগঞ্জের নানছিয়া গ্রামের মো. মহসিন আলীর ছেলে মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) এবং হেলপার মো. সোহরাব (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রংপুর থেকে চট্টগ্রামমুখী একটি মালামালবোঝাই ট্রাক সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কে পন্থিছিলা বড়ুয়াপাড়া অতিক্রম করছিল। এ সময় একই লেনে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত