ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকের পছন্দ হয়নি: ট্রাম্প

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের জন্য ইরানের সঙ্গে যুদ্ধকে দায়ী করে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দেওয়া মন্তব্য অনেকের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভ্যান্সের বক্তব্যে তিনি নিজে অসন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের মন্তব্যের কারণে তাঁদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তাঁর মন্তব্য পছন্দ করেননি। কিন্তু আমি করিনি—এমন নয়।’

ট্রাম্প বলেন, ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা উচিত ছিল। সেটি হলো, আবারও যদি ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে তিনি তা করবেন কি না। ট্রাম্পের ভাষায়, এর উত্তর হবে ‘হ্যাঁ’।

ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ইতিহাসে এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র গেলে দেশটি পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত বলে মন্তব্য করেন তিনি।

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে সেটি কার্যত ভেঙে পড়ে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত