এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন জমা দিয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদন গ্রহণের সময় শেষ হয়।

ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি বিষয়ে। বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন এসেছে। আইসিটি বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। বোর্ডটির বিষয়ভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি আবেদন রয়েছে এই তিন পত্রে।

ইংরেজি ও আইসিটিতে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষার আয়োজন থেকে শুরু করে মূল্যায়নের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।

শিক্ষকস্বল্পতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম বেশি কঠিন মনে হতে পারে।

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নের দুই পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন এসেছে। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানের দুই পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন জমা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হবে আগামী ২৩ নভেম্বর। ওই দিন ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত