ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

ভিয়েতনামের একটি বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের মেঝেতে বসে খাবার খাওয়ার একটি ভিডিও ভাইরালের পর নাগরিকদের দায়িত্ববোধ ও কাণ্ডজ্ঞান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওটিতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ব্যবহৃত টার্মিনাল চত্বরকে ‘পিকনিক স্পটে’ রূপ দিতে এবং নোংরা করতে দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন- ভিয়েতনাম ভারতীয় ভ্রমণকারীদের নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু আমরা যদি তাদের বিমানবন্দরগুলোকে খাবার ছড়িয়ে-ছিটিয়ে পিকনিক স্পটে পরিণত করি, তবে আমরা খুব অপ্রিয় পর্যটকে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ব। আমরা কবে কাণ্ডজ্ঞান নিয়ে ভ্রমণ করতে শিখব?

সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েঙ্কার এই পোস্টটি সাড়ে চার লাখের বেশি ভিউ এবং প্রায় ছয় হাজার লাইক পায়। এর পর থেকেই ইন্টারনেটে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে মন্তব্যে লিখেছেন- তাদের পরিচয় শনাক্ত করে পাসপোর্ট বাতিল করা হোক এবং এর প্রচার করা হোক। কঠোর পরিণতি ভোগ করতে হলেই কেবল ভারতীয়রা ঠিকঠাক আচরণ করে। সিঙ্গাপুরে এরা এসব করার সাহস পায় না।

অপর এক ব্যবহারকারী লিখেছেন- ভ্রমণ মানে কেবল ছবি তোলা নয়, স্থানীয় সংস্কৃতি বোঝা ও খাবার পরখ করা। বাড়িতে রান্না করা খাবার নিয়ে ৩২ শত কিলোমিটার দূরে ভ্রমণ করার মানে কী? তবে বিষয়টিকে সমর্থন জানিয়ে অপর এক মন্তব্যকারী বলেন- বাড়ি থেকে আনা খাবার বিমানবন্দরে বসে খেতেই পারে। তবে নোংরা না করলে বা অতিরিক্ত ভিড় না জমলে এতে কোনও ক্ষতি দেখি না।

সূত্র: এনডিটিভি

জেএম
আরও পড়ুন