প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: ববি হাজ্জাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

বিচ্ছিন্ন কোনো একক প্রকল্প নয়, বরং দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে নিরলস কাজ চলছে।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও রীনা ঘেলানি প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের ৮০টি দেশে প্ল্যান ইন্টারন্যাশনালের কার্যক্রম রয়েছে। বাংলাদেশে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু অধিকার, মানসম্মত শিক্ষা, প্রারম্ভিক বিকাশ ও মেয়েদের ক্ষমতায়নে সরকারের উন্নয়ন-পরিকল্পনার সামঞ্জস্য রেখে প্রান্তিক পর্যায়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী তারা।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি, বিদ্যালয়ে পৃথক স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পরিবারগুলোকে সক্ষম করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত