এনভিডিয়ার শীর্ষ পদে পরিবর্তন, কে এই কোলেট ক্রেস?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম

বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনসেন হুয়াং। তার এই আকস্মিক বিদায়ের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

৩৩ বছর আগে জেনসেন হুয়াংয়ের হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল এনভিডিয়ার। তার দূরদর্শী নেতৃত্বে সাধারণ একটি প্রতিষ্ঠান থেকে এটি ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা আসার পরপরই পরিচালনা পর্ষদ কোলেট ক্রেসকে নতুন অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ দেয়।

মূলত ব্যক্তিগত সম্পর্ক ঘিরে নানা বিতর্ক ও তদন্তের মুখেই জেনসেন হুয়াংকে সরে দাঁড়াতে হলো। কোম্পানির নির্বাহী কিম্বারলি পাওয়েল এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় পরিচালনা পর্ষদ বিষয়টি তদন্তে আইনি প্রতিষ্ঠান নিয়োগ করেছিল।

নতুন এই নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স জানিয়েছেন, কোলেট ক্রেস এবং বর্তমান নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পরিবর্তনের ফলে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম, গ্রাহক সেবা কিংবা নতুন পণ্য উদ্ভাবনের পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটবে না।

দায়িত্ব গ্রহণের পর কোলেট ক্রেস জানান, এনভিডিয়ার মূল শক্তি হলো এর মেধাবী কর্মীরা। গত ৩৩ বছরে জেনসেন হুয়াং যে শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছেন, তা ধরে রেখেই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দ্রুতগতির কম্পিউটিং খাতে এনভিডিয়ার শীর্ষস্থান ধরে রাখাই হবে তার প্রধান লক্ষ্য।

কে এই কোলেট ক্রেস?

৫৯ বছর বয়সি কোলেট ক্রেস ২০১৩ সালের সেপ্টেম্বরে সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়ায় যোগ দেন। এরপর থেকে টানা এক যুগেরও বেশি সময় তিনি কোম্পানির আর্থিক বিভাগ সামলেছেন এবং জেনসেন হুয়াংয়ের পর বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে পরিচিত মুখে পরিণত হন। ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্সে স্নাতক শেষ করার পর তিনি সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এনভিডিয়ায় আসার আগের ক্যারিয়ার

 

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রযুক্তি খাতের বেশ কয়েকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে প্রায় ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্রেসের। টেক্সাস ইনস্ট্রুমেন্টসে আট বছর কাজের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে মাইক্রোসফটে যোগ দিয়ে দীর্ঘ ১৩ বছর করপোরেট ফিন্যান্স ও সার্ভার অ্যান্ড টুলস বিভাগের সিএফও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মাইক্রোসফট ছাড়ার পর ২০১০ সালে তিনি সিসকো সিস্টেমসে জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে যোগ দেন। মজার বিষয় হলো, ২০২৪ সালে ফরচুন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেস জানিয়েছিলেন, ২০১৩ সালে তিনি যখন এনভিডিয়ায় যোগ দেন, তখন সেটিই ছিল তার ক্যারিয়ারে কাজ করা সবচেয়ে ছোট প্রতিষ্ঠান। এছাড়া ফোর্বস-এর ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বনির্মিত ধনী নারীদের তালিকায় ৩২তম অবস্থানে জায়গা করে নিয়েছেন মেধাবী এই করপোরেট ব্যক্তিত্ব।

ফার্স্টপোস্ট ও রয়টার্স 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত