ইরাকের সাবেক এমপি হত্যা, সিরিয়ার সহযোগিতা চাইলো লেবানন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই সিরীয় নাগরিককে ফেরত চেয়েছে লেবানন। বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে চলতি সপ্তাহের শুরুতে তাঁর মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের তদন্তে সিরিয়ার সহযোগিতা চেয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আল-আলওয়ানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।

ইরাকের সুন্নি অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত রামাদির বাসিন্দা ছিলেন আল-আলওয়ানি। বাগদাদের ওপর ইরানের প্রভাবের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই রাজনীতিক সন্ত্রাসবাদের অভিযোগে ইরাকে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। পরে তিনি এক দশকের বেশি সময় কারাগারে থাকার পর মুক্তি পান।

লেবাননের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের তদন্তকারীরা দামেস্কের কাছে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে লেবাননের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে ওই দুই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে পৃথক একটি ঘটনায় উত্তর লেবাননের বাতরুন পার্বত্য এলাকায় গ্রেপ্তার হওয়া হিজবুল্লাহর পাঁচ সদস্যের বিষয়ে তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা। পাবলিক প্রসিকিউটরের গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির প্রধান কৌঁসুলি বিচারক আহমেদ রামি আল-হাজ ব্যক্তিগতভাবে আল-আলওয়ানি হত্যার তদন্ত তদারক করছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা এ তদন্ত পরিচালনা করছে।

হত্যার পেছনে আর্থিক কারণের সন্দেহ

আল-আলওয়ানিকে হত্যার সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এএফপিকে সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন-সংক্রান্ত একটি বিষয় সামনে এসেছে।

লেবাননের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়।

ইরাকি নিরাপত্তা গণমাধ্যম সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান আল-আলওয়ানি হত্যার তদন্তের বিষয়ে লেবাননে অবস্থান করে খোঁজখবর রাখছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সন্ধ্যায় ইরাকের এরবিল বিমানবন্দর থেকে মিডল ইস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৈরুতে পৌঁছান আল-আলওয়ানি। পরে তাঁকে একটি হোটেলে নেওয়া হয়।

ইরাকি বার্তা সংস্থা আইএনএকে সাদ মান জানান, হোটেলে কক্ষে ওঠার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বেরিয়ে যান আল-আলওয়ানি। অভ্যর্থনাকক্ষের কর্মীদের তিনি জানিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছেন।

হোটেল কর্মীরা তদন্তকারীদের জানিয়েছেন, আল-আলওয়ানির সঙ্গে থাকা ব্যক্তিরা সিরীয় উচ্চারণে কথা বলছিলেন। আইএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল থেকে একটি সাদা রেঞ্জ রোভার গাড়িতে করে বেরিয়ে যান তিনি। এরপর ইরাকে থাকা স্বজনদের সঙ্গে দুবার ফোনে কথা বলেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক দশকের বেশি কারাবাস, মৃত্যুদণ্ড থেকে মুক্তি

আল-আলওয়ানির হত্যাকাণ্ডের পরিস্থিতি দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। বুধবার তুরস্কে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।

সুন্নি রাজনীতিক আল-আলওয়ানি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করে দেশটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ ও ২০১৩ সালে শিয়াপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় তিনি আলোচনায় আসেন। ওই সময় ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির বিরুদ্ধে সুন্নিদের কোণঠাসা করার অভিযোগ তুলেছিলেন সমালোচকেরা।

ইরানে প্রভাব এবং ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডেরও কড়া সমালোচক ছিলেন আল-আলওয়ানি।

২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে তাঁর বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে তাঁর ভাইসহ আরও কয়েকজন নিহত হন।

২০১৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে এক দশকের বেশি সময় কারাগারে থাকার পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় মুক্তি পান তিনি।

লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেদা আল-হুসেইনি মঙ্গলবার জানিয়েছেন, ইরাকি দূতাবাস হত্যাকাণ্ডের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপরাধের প্রকৃত ঘটনা ও পরিস্থিতি জানার জন্য লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দূতাবাস।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন