পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও তৈরির জন্য বাঘিনীকে খাঁচা থেকে বের করার পর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাঘিনীর আক্রমণে তালহা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ওই খামারবাড়ির কর্মী ছিলেন। খবর এনডিটিভির।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরের কাহনা এলাকায় একটি ব্যক্তিগত খামারবাড়িতে এ ঘটনা ঘটে। ভিডিও কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে টিকটক ভিডিও তৈরির জন্য বাঘিনীটিকে খাঁচা থেকে বের করা হয়েছিল। এ সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বাঘিনীটি তালহার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তালহাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় খামারবাড়ির মালিক ফাইয়াজ ও কনটেন্ট নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারবাড়ির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নোমান হাসান প্রথমে দাবি করেছিলেন, তালহা কুকুরের আক্রমণে আহত হয়েছেন। তবে তদন্তে পরে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘টিকটকের প্রতি আগ্রহ কোনোভাবেই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেয়া হবে না। ঘটনার তথ্য গোপনের চেষ্টা এবং যেকোনো ধরনের অবহেলার বিষয় তদন্ত করে দেখা হবে।’
পুলিশ আরও জানায়, টিকটক ভিডিও তৈরির জন্য খামারবাড়িতে আসা ওই কনটেন্ট নির্মাতার উপস্থিতিতে বাঘিনীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খামারটিতে বাঘিনী রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নোমান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে বিপজ্জনক ভিডিও প্রকাশের জন্য পরিচিত। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেয়ার চেষ্টা করছেন তিনি। অন্য একটি ভিডিওতে তাকে একটি চিতাবাঘকে আদর করতে দেখা যায়। একপর্যায়ে প্রাণীটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নখ দিয়ে আঁচড় দেয়।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান
কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ