ইরান যুদ্ধেই ভাঙছে ট্রাম্প-ভ্যান্সের রাজনৈতিক সমীকরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর তাঁর এই চিন্তাভাবনা সামনে এসেছে। শুক্রবার  (১৩ নভেম্বর)  মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভ্যান্সের ঘনিষ্ঠ প্রায় এক ডজন সহযোগী ও উপদেষ্টার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছে সংবাদমাধ্যমটি।

রিপাবলিকান দলের প্রাথমিক মনোনয়ন দৌড়ে একসময় এগিয়ে ছিলেন ভ্যান্স। তবে এখন তাঁর মনোনয়ন পাওয়ার পথ আগের মতো নিশ্চিত নয় বলে মনে করছেন ঘনিষ্ঠরাও।

ভ্যান্সের সমর্থক ও সামাজিক রক্ষণশীল সংগঠন আমেরিকান প্রিন্সিপলস প্রজেক্টের প্রেসিডেন্ট টেরি শিলিং বলেন, ২০২৮ সালের মনোনয়ন দৌড়ের চিত্র পুরোপুরি বদলে গেছে। এখন পর্যন্ত কাউকে ট্রাম্পের নিশ্চিত উত্তরসূরি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তবে ভ্যান্স নির্বাচনে অংশ না নিলে তিনি অবাক হবেন বলেও জানান শিলিং।

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ভ্যান্স। সিদ্ধান্ত জানানোর জন্য কোনো সময়সীমাও নির্ধারণ করেননি তিনি। তাঁর ঘনিষ্ঠদের একাংশ মনে করছেন, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, মাগা শিবিরের অভ্যন্তরীণ বিভক্তি এবং পারিবারিক দায়িত্ব-সবকিছু মিলিয়ে কঠিন হিসাব-নিকাশের মধ্য দিয়ে যাচ্ছেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট।

চলতি গ্রীষ্মে ভ্যান্সের পরিবারে চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। পরিবারের প্রতি দায়িত্বের পাশাপাশি দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও ভাবতে হচ্ছে তাঁকে। রিপাবলিকান পার্টিকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি কি না, সেই প্রশ্নও উঠছে তাঁর ঘনিষ্ঠ মহলে।

ভ্যান্সের ঘনিষ্ঠ একজন সিএনএনকে বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলে এখনই নির্বাচনে না নেমেও ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় রয়েছে তাঁর। বয়সের কারণেও সামনে আরও সুযোগ পাবেন তিনি। তবে ২০২৮ সালই যে তাঁর জন্য সঠিক সময়, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইরান যুদ্ধই ভ্যান্সের নির্বাচনী হিসাবের বড় বাধা

ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ। তাঁর ঘনিষ্ঠদের ধারণা, এই সংঘাতই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তাঁদের মূল প্রশ্ন, ইরান যুদ্ধ চলতে থাকলে কোনো রিপাবলিকান প্রার্থী আদৌ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারবেন কি না।

ভ্যান্সের এক সহযোগীর ভাষ্য, ইরানে যুদ্ধ বন্ধ না হলে ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা থাকবে না।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের সাতটি আসন নিজেদের দখলে নেয়। এর মধ্যে ওহাইওর সেই আসনও রয়েছে, যেটি একসময় ভ্যান্সের দখলে ছিল।

নির্বাচনী জরিপগুলোতেও ট্রাম্পের রাজনৈতিক ভিত্তিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া পুরুষ, তরুণ, লাতিনো এবং কলেজ ডিগ্রিবিহীন শ্বেতাঙ্গ ভোটারদের বড় অংশ এবার তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের বক্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প

নির্বাচনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৬১৭ শব্দের একটি দীর্ঘ পোস্ট দেন জেডি ভ্যান্স। সেখানে রিপাবলিকানদের পরাজয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেন তিনি।

ভ্যান্স লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ।’ একই পোস্টে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনা করারও আহ্বান জানান তিনি।

পোস্টটির বিষয়ে আগেই অবগত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে তিনি বিষয়টি নিয়ে তেমন আপত্তি না তুললেও, এ বিষয়ে অবগত দুজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, ব্যক্তিগত আলোচনায় ভ্যান্সের সমালোচনা করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট জোরালো অবস্থান নেননি ভাইস প্রেসিডেন্ট।

গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভ্যান্সের বক্তব্যের একটি অংশ ছাড়া বাকি বিষয়গুলোতে তিনি একমত। তবে ভ্যান্সের আরও বলা উচিত ছিল, একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিতেন।

এর মধ্যেই বৃহস্পতিবার ইরান নিয়ে চলমান আলোচনার দায়িত্ব থেকে ভ্যান্সকে সরিয়ে দেন ট্রাম্প। তাঁকে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে মনোযোগ দিতে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৮ সালে ভ্যান্সের প্রতিদ্বন্দ্বী কারা?

রিপাবলিকান দলের মনোনয়ন ঘিরে ইতোমধ্যে কয়েকজন প্রভাবশালী নেতা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প।

তবে ভ্যান্সের সমর্থকদের যুক্তি, প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেশি থাকলে সেটি তাঁর জন্য সুবিধাজনক হতে পারে। ২০১৬ ও ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানদের মনোনয়ন দৌড়ে একাধিক প্রার্থী থাকায় ট্রাম্প লাভবান হয়েছিলেন বলেও তাঁরা মনে করেন।

এদিকে ২০২৮ সালের নির্বাচনে ভ্যান্সকে সমর্থন দেওয়ার বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। সহযোগীদের তিনি জানিয়েছেন, আপাতত রিপাবলিকান দলের প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়া থেকে দূরে থাকতে চান।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শেষ পর্যন্ত কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। তবে এমনটা যে করতেই হবে, তা নয়।’

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত