ইরানে ৩৫টির বেশি স্যাটেলাইট নির্মাণাধীন, প্রথম ধাপে ২৪টি নিয়ে সোলেইমানি প্রকল্প

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

ইরানে বর্তমানে ৩৫টির বেশি স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারিয়েহ। তার মতে, এই অগ্রগতি দেশটির স্যাটেলাইট নির্মাণ প্রযুক্তি ও বৈজ্ঞানিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

রোববার (২২ নভেম্বর) ‘থার্ড হোপ মিডিয়া কাপ ফেস্টিভ্যাল’-এর ধারাবাহিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি ইরানের মহাকাশশিল্পের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। সালারিয়েহ একই সঙ্গে দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, দেশের মহাকাশ খাতে সামগ্রিক ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে ইরানের মহাকাশ সংস্থা। এ খাতে বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন কোম্পানি কাজ করছে।

মহাকাশশিল্পে বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ বাড়ার কথা উল্লেখ করে সালারিয়েহ বলেন, বর্তমানে দেশে ৩৫টির বেশি স্যাটেলাইট নির্মাণাধীন রয়েছে। এটি এ খাতে ইরানের বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার সম্প্রসারণকে তুলে ধরে।

শহীদ সোলেইমানি স্যাটেলাইট প্রকল্প

বক্তব্যে ‘শহীদ সোলেইমানি স্যাটেলাইট সিস্টেম’ প্রকল্পের কথাও তুলে ধরেন মহাকাশ সংস্থার প্রধান। তিনি জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে ২৪টি স্যাটেলাইট অন্তর্ভুক্ত রয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ‘দশক-ই-ফজর’ উদ্‌যাপনের সময় এ স্যাটেলাইট ব্যবস্থার তিনটি নমুনা উন্মোচন করা হবে। ইরানে প্রতি বছর ১ থেকে ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে দশক-ই-ফজর পালন করা হয়।

এক মিটার বা তার চেয়ে উন্নত রেজল্যুশনের স্যাটেলাইট

ইরানে এক মিটার বা তার চেয়ে উন্নত ইমেজিং রেজল্যুশনের রিমোট সেন্সিং স্যাটেলাইট তৈরির কাজও চলছে বলে জানান সালারিয়েহ।

এ ধরনের স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিত ছবি ধারণ করা সম্ভব। এসব ছবি ও তথ্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, ভূমি পর্যবেক্ষণ, কৃষি এবং বিভিন্ন খাতে পরিকল্পনা গ্রহণে কাজে লাগতে পারে।

তিনি আরও জানান, দেশটিতে রাডার স্যাটেলাইট উন্নয়নের কাজ চলছে। রাডার প্রযুক্তিনির্ভর এসব স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের নতুন প্রজন্মের অংশ। এগুলো মেঘ, তুষার কিংবা অন্যান্য আবহাওয়াজনিত প্রতিবন্ধকতা থাকলেও পৃথিবীর পৃষ্ঠের ছবি ধারণ ও তথ্য সংগ্রহ করতে সক্ষম।

সালারিয়েহের মতে, মহাকাশ প্রযুক্তির উন্নয়ন জাতীয় পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে। স্যাটেলাইট সক্ষমতা বাড়লে পৃথিবী পর্যবেক্ষণ এবং বিভিন্ন খাতে নির্ভুল তথ্য ব্যবহারের সুযোগও সম্প্রসারিত হবে।

এএইচএ
আরও পড়ুন