ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এ ধরনের ঘটনা ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা ক্রমেই হামলা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়ছেন। এমনকি চিকিৎসাকর্মী হিসেবে তাঁদের পরিচয় স্পষ্ট থাকার পরও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বাধা ও হয়রানির শিকার হতে হচ্ছে।
প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের একজন নাবলুস এলাকার প্যারামেডিক জানান, এক আহত ব্যক্তির কাছে পৌঁছাতে তাঁকে বাধা দিয়েছিলেন ইসরায়েলি সেনারা।
ওই প্যারামেডিক বলেন, তিনি আহত ব্যক্তির খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন এবং সহজেই তাঁর কাছে পৌঁছাতে পারতেন। কিন্তু সেনারা তাঁকে যেতে দেয়নি। আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার পর সেনারা সরে যায়। এরপর তাঁরা তাঁর কাছে পৌঁছাতে সক্ষম হন।
সাক্ষাৎকারে চিকিৎসাকর্মীরা শারীরিক হামলা, অস্ত্রের মুখে হুমকি, গালিগালাজ এবং অপমানজনক তল্লাশির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের সবাই বলেছেন, রোগীর কাছে যাওয়ার পথে বাধা, হামলা কিংবা আটকে পড়ার আশঙ্কায় তাঁদের সব সময় উদ্বেগের মধ্যে থাকতে হয়।
একজন অ্যাম্বুলেন্সচালক বলেন, প্রতিটি ফোনকলই যেন ঝুঁকি নেওয়ার মতো। আর প্রতিবার বাড়ি থেকে বের হলে ফিরে আসতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা থাকে।
প্রতিবেদনে এমন ঘটনাও তুলে ধরা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীরা নিজেরাই হুমকি ও সহিংসতার মুখে থেকেও আহত ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দিতে বাধ্য হয়েছেন।
প্রতিবেদনটির লেখক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতির ‘বিপজ্জনক অবনতি’ ঘটেছে।
তাঁর ভাষায়, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর পরিকল্পিত হামলার অংশ। এ পরিস্থিতির জন্য ইসরায়েল দায়ী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ঘটনায় চিকিৎসাসেবায় ব্যবহৃত যানবাহন ক্ষতিগ্রস্ত বা বাধার মুখে পড়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি চেকপোস্টের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে প্রায়ই হাসপাতাল পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এতে পথে রোগীর মৃত্যু ঘটছে। এমনকি অন্তঃসত্ত্বা নারীদেরও হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে।
এর আগেও পশ্চিম তীরের স্বাস্থ্যব্যবস্থা ‘ভেঙে পড়ছে’ বলে সতর্ক করেছিল পিএইচআরআই। নতুন প্রতিবেদনে চিকিৎসাকর্মীদের ওপর হামলা ও জরুরি সেবায় বাধার চিত্র তুলে ধরে সংস্থাটি পরিস্থিতির আরও অবনতির কথা জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা
কে এই আলবার্তো ফেইহো, যিনি স্পেনের নতুন প্রধানমন্ত্রী হতে চান