ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৮, আহত  ৩৪

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলা ও সীমান্ত থেকে গোলাবর্ষণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে টেলিযোগাযোগবিষয়ক একটি সরকারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। আল-মাসিরা টেলিভিশন স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায়। এতে চারজন নিহত এবং ১৮ জন আহত হন।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালান উদ্ধারকর্মীরা। এ সময় তাঁদের মাথার ওপর দিয়ে সৌদি যুদ্ধবিমান উড়ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের দিমনাত খাদির জেলার আল-জারবুব এলাকায় আরও দুটি বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইয়েমেনের স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের বাকিম জেলায় সীমান্তের ওপার থেকে সৌদি বাহিনীর গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র চিকিৎসক আনিস আল-আসবাহি জানান, আহতদের মধ্যে তিন নারী ও আফ্রিকার দুই অভিবাসী রয়েছেন।

এ ছাড়া ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার এক স্থানীয় সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলের লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী মোখায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজধানী সানার প্রদেশের হামদান জেলার আল-জাইফ এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় সৌদি বিমান হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। অন্যদিকে তায়িজ প্রদেশের আল-মাওয়াসিত জেলার জাবাল মাতরান এলাকায় টেলিযোগাযোগের দুটি টাওয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

নতুন করে উত্তেজনা

ইয়েমেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনা গত জুলাইয়ে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বোমা হামলার মধ্য দিয়ে নতুন করে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি গ্রহণের কথাও জানায় তারা।

২০১৫ সালের মার্চে ইয়েমেনের রাজধানী সানায় নিজেদের সমর্থিত সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। একই সঙ্গে দেশটির ওপর অবরোধ আরোপ করা হয়। দীর্ঘ সংঘাত ও অবরোধের ফলে ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

যুদ্ধের বিভিন্ন পর্যায়ে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটলেও সৌদি আরব ঘোষিত লক্ষ্য অর্জনে সফল হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

এসজেড
আরও পড়ুন