আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সাথে তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সাথেও আলোচনায় বসা হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই ৪টি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি। তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।
এইচএসসিতে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় নির্ধারণ
জুলাই প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম