নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা ভেস্তে গেছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল ইয়াশারের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে নেতৃত্ব দেবেন এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে সরকারে রাখা হবে কি-না, তা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

ইসরায়েলের হার্জলিয়ায় একটি হোটেলে রোববার (২২ নভেম্বর) দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে সরকার গঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা একমত হতে পারেননি। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। ইয়েদিওথ আহরোনথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায়। অন্যদিকে, আইজেনকোটের দল ইয়াশার তাকে সরকারে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দল জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে তারা। এ বিষয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। তবে পরবর্তী বৈঠকের তারিখ বা আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় এ ধরনের সরকার গঠন। এমন সরকার হলে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ছাড়াই সরকার গঠন সম্ভব হবে। নির্বাচনে এসব দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার তালিকা একটি জোট সরকারের প্রস্তাব দিয়েছে। এতে টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুকে রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু দায়িত্ব নেবেন।

তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালাক্রমে নেওয়ার এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে, নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে জানা গেছে। এ ছাড়া নেতানিয়াহু সরকারে থাকলে কোনো সরকারে যোগ দেবেন না বলে জানিয়েছেন লিবারম্যান।

ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে আইজেনকোটের দল তার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নেসেটে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে আস্থা ভোটের উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন আরব জয়েন্ট লিস্ট এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তাদের।

সূত্র: আল-জাজিরা

জেএম
আরও পড়ুন