ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীর পূর্বে একটি মার্কিন এমকিউ-১ মডেলের ড্রোন ভূপাতিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি ছিল প্রতিহত করা এই ধরনের ২০তম মার্কিন আকাশযান এবং গত ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থ ঘটনা।
বাহিনীটি সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের আকাশসীমা একটি 'রেড লাইন' (চূড়ান্ত সীমা) হিসেবেই রয়েছে এবং এর যেকোনো লঙ্ঘনের 'কঠোর, চূড়ান্ত এবং শক্তিশালী জবাব' দেয়া হবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা তীব্রতর হয়েছে। জবাবে তেহরান ইসরায়েল এবং অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
শত্রুতা অবসানের লক্ষ্যে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে; তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে মতবিরোধের জেরে পরে তা থমকে যায়। যুদ্ধ বন্ধের অব্যাহত প্রচেষ্টার মধ্যেও গত জুলাই থেকে পক্ষগুলোর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন