মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি টিকতে পারেনি: কাওসারি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

রমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনীর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে হামলায় সহায়তা না করতে আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছেন এই আইনপ্রণেতা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি বলেন, ১৯৮৭ সাল থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণের পরিকল্পনা করে আসছে তেহরান। শত্রুদের কোনোভাবেই এই প্রণালি দিয়ে চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চল থেকে সরে গেছে বলেও দাবি করেন কাওসারি।

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে তাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। পাশাপাশি কোনো বিদেশি সামরিক বাহিনীকে নিজ ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

কাওসারি বলেন, ‘যে দেশই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে, তাকে এর পরিণতির দায় নিতে হবে।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে হামলার জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব দেবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত