১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবারভিত্তিক (খানা) তথ্য সংগ্রহের কাজ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। পাশাপাশি উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুসরণ করতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জারি করা এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তর এ নির্দেশনা দেয়। অধিদপ্তরের উপ-পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে খানা তথ্য সংগ্রহ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যের মান বজায় রেখে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে বলা হয়েছে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে শনাক্ত পরিবারগুলোর তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, হাটবাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং তালিকা যাচাই করতে হবে।

প্রাথমিক তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তালিকা প্রকাশ বা উপকারভোগী নির্বাচনের বিষয়ে গণশুনানিতে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তদন্ত করে তা নিষ্পত্তি করবে। যোগ্য কোনো পরিবার তালিকা থেকে বাদ পড়েছে—এমন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থাও রাখতে হবে।

অভিযোগ ও আপত্তি যাচাই শেষে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা বা শহর সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণ করবে এবং নমুনা হিসেবে কয়েকটি বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

শহরাঞ্চলে প্রকৃত অসচ্ছল ও দরিদ্র পরিবার যেন উপকারভোগীর তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে, যাতে পরবর্তী সময়ে তালিকায় কোনো পরিবর্তন করা না যায়।

এ ছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার নির্বাচন করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

চিঠিতে অভিযোগ নিষ্পত্তি ও আপিলের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত