ফিলিস্তিনপন্থী এক শিক্ষার্থীকে যুক্তরাজ্য সরকারের সন্ত্রাসবাদ প্রতিরোধ কর্মসূচি ‘প্রিভেন্ট’-এ পাঠিয়েছে লন্ডনের কিংস কলেজ। বিশ্ববিদ্যালয়ে পুনরায় পড়াশোনা শুরুর শর্ত হিসেবে ওই শিক্ষার্থীকে যে প্রতিফলনমূলক প্রবন্ধ লিখতে বাধ্য করা হয়েছিল, সেটির বিষয়বস্তু ও বক্তব্যের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২২ বছর বয়সী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিয়াম গ্রান্টকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কল্যাণবিষয়ক উপদেষ্টা প্রিভেন্ট কর্মসূচিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।
২০২৫ সালের মে মাসে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ২০২৪ সালে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা অবস্থান কর্মসূচিতে কথিত অসদাচরণের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গ্রান্ট।
পড়াশোনায় ফেরার শর্ত হিসেবে বিশ্ববিদ্যালয় তাঁকে ২০২৪ সালের প্রতিবাদ কর্মসূচিতে স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদবিষয়ক নীতিমালা নিয়ে একটি প্রবন্ধ লিখতে বলে। স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন গ্রান্ট। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওই নীতিমালা নাগরিক অধিকারবিষয়ক সংগঠন লিবার্টি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনার মুখে পড়েছিল।
প্রথম প্রবন্ধে গ্রান্ট ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইসরায়েলের অস্ত্র বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের সমালোচনা করেন।
বিশ্ববিদ্যালয় তাঁর প্রথম প্রবন্ধটি গ্রহণ করেনি। দ্বিতীয় প্রবন্ধে গ্রান্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও বিনয়ী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের অতীতের সঙ্গে বর্তমান শাস্তিমূলক ব্যবস্থার তুলনা করেন।
প্রবন্ধে তিনি আরও লেখেন, নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে সপ্তম শতাব্দীতে নিহত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেইনের আত্মত্যাগ থেকে তিনি অনুপ্রেরণা পান।
প্রাপ্ত চিঠিপত্র থেকে জানা যায়, ইমাম হোসেইনের প্রসঙ্গটিই গ্রান্টকে প্রিভেন্ট কর্মসূচিতে পাঠানোর সিদ্ধান্তের ভিত্তি হয়ে ওঠে।
এ সিদ্ধান্তকে ‘ভীষণভাবে ইসলামবিদ্বেষী’ এবং ‘ভয় দেখানোর কৌশল’ বলে অভিহিত করেছেন গ্রান্ট। তাঁর বক্তব্য, কোনো খ্রিষ্টান শিক্ষার্থী যিশুখ্রিষ্টের আত্মত্যাগ নিয়ে লিখলে তাকে এভাবে চিহ্নিত করা হতো না। তাঁর মতে, প্রবন্ধের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে রেফারেলের যৌক্তিকতা তৈরি করা হয়েছে।
প্রিভেন্ট ওয়াচের পরিচালক ও জ্যেষ্ঠ কেসওয়ার্কার ড. লায়লা আইতলহাজ এ সিদ্ধান্তকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ফিলিস্তিনপন্থী সংহতির কণ্ঠরোধ করতে প্রিভেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
গ্রান্টকে সহায়তাকারী অধিকারকর্মী সংগঠন কেজ ইন্টারন্যাশনালও মুসলিম শিক্ষার্থী এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের ওপর নজরদারির নিন্দা জানিয়েছে।
এদিকে প্রিভেন্টে পাঠানোর পাশাপাশি প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীর ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের সঙ্গে সংশ্লিষ্টতার সমালোচনা করায় গ্রান্টের বিরুদ্ধে আরও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। ইরাকি বংশোদ্ভূত মিশ্র পারিবারিক পরিচয়ের গ্রান্ট এখনো তাঁর কোর্সে ফিরতে পারেননি।
কিংস কলেজ লন্ডনের এক মুখপাত্র বলেছেন, শিক্ষার্থীর আচরণ এবং প্রবন্ধের এমন কিছু বিষয় বিবেচনায় নিয়ে রেফারেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো থেকে ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মতপ্রকাশবিষয়ক একটি পরামর্শক গোষ্ঠী শিক্ষার্থীর পরিচয় গোপন রেখে বিষয়টি পর্যালোচনা করেছে বলেও জানান তিনি।
ফিলিস্তিনপন্থী আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয়টির আগের বিতর্ক
২০২৪ সালের ফিলিস্তিন সংহতি আন্দোলনের অবস্থান কর্মসূচির পর বিশ্ববিদ্যালয় বিতর্কিত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বন্ধ করতে সম্মত হয়েছিল।
গত সেপ্টেম্বরে উসামা ঘানেম নামে আরেক শিক্ষার্থীকে পুনর্বহাল করে কিংস কলেজ। তাঁকে পুনর্বহালের দাবিতে চলা প্রচারণার ওপর নজরদারি করতে বিশ্ববিদ্যালয় সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের পরিচালিত একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগ করেছিল বলে প্রকাশ পাওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
গত জুলাইয়ে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কিংস কলেজ যুক্তরাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৭ সালে দখল করা পশ্চিম তীরে অবৈধ বসতির সঙ্গে জড়িত বলে জাতিসংঘের তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের মূল্য ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বেড়েছে। একই সময়ে সামরিক নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিরে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রায় চার গুণ হয়েছে।
যুক্তরাজ্যের প্রিভেন্ট কর্মসূচির আওতায় স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আইনগত দায়িত্ব রয়েছে, যাতে কেউ সন্ত্রাসবাদের দিকে ধাবিত না হয়, তা প্রতিরোধ করা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো নিষিদ্ধ করলো আর্জেন্টিনা
১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ
মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি টিকতে পারেনি: কাওসারি