ভোলায় নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ কূপের তিনটি সম্ভাবনাময় স্তরেই গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে তৃতীয় স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে জানিয়েছে বাপেক্স। তবে কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মোট গ্যাসের মজুদ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটির তৃতীয় স্তরে পরীক্ষা শুরু করে বাপেক্স। পরীক্ষায় আগের দুটি স্তরের মতো তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা ভোলা নর্থ-৩ কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার। খননকালে কূপটির তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন করা হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়।
তিনি জানান, পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে তিনটি স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালিয়ে গ্যাসের প্রবাহ ও চাপ যাচাইয়ের পরই প্রকৃত উৎপাদন সক্ষমতা এবং মজুদের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। নতুন কূপ যুক্ত হওয়ায় এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভোলার আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুদ রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। তবে বর্তমানে বাস্তবে উত্তোলন হচ্ছে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকেই প্রতিদিন প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, ভোলায় চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় নতুন করে অনুসন্ধান কার্যক্রম চলছে। বাপেক্সের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী এসব কূপে গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান ১৮২ মিলিয়ন ঘনফুট থেকে মোট উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াতে পারে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুটে।
১৯৯৫ সালে বাপেক্স ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ২০০৯ সালে সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র এবং ২০২৩ সালে ভোলা সদর উপজেলার ইলিশায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
তিন বছর পর ৪৬তম বিসিএস নিয়োগের গেজেট প্রকাশ
গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী
বিজেপি-আ. লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম