জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

জয়পরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি (৩৫), নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২৭)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, নিহত মোটরসাইকেল চালক জনি হোসেন দুর্গাদহ বাজারে মোটরসাইকেল মেরামত ওয়ার্কশপে কাজ করতেন। ভাদসা এলাকা থেকে তিনি ওয়ার্কশপের দিকে ফিরছিলেন। আর ছামিউল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন জনি ও  ছামিউল।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আহত ছামিউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

AH
আরও পড়ুন