এক দিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে তারা গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে এক দিনে ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি। তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন ‘কাঁচ, দরজা ও জানালা ঠিক করা’ থেকে শুরু করে ‘বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার’ করার দরকার হতে পারে।

মুখপাত্র আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছেন। এ ছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। আব্দুলমোহর মোহাম্মদখানি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে।

AHA
আরও পড়ুন