সবার জন্য উন্মুক্ত বাংলাদেশের বন্দর। আমরা সবার জন্য বন্দর উন্মুক্ত রাখব। বাংলাদেশে কী শুধু একটা দেশের জাহাজ আসবে? আমরা কী কারও কাছে বন্দি নাকি যে, শুধু তাদের সেবা করব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাকিস্তান থেকে আসা জাহাজটি মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কী জাহাজ আসা নিষেধ আছে? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার হবে। এগুলো কী আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।
পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।
তিনি বলেন, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন?
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধরিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করুন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।

